আইবিএম সিইও অরবিন্দ কৃষ্ণ

৩১ জানুয়ারি, ২০২০ ১৫:৪৩  
কম্পিউটার হার্ডওয়্যার নির্মাতা কোম্পানি আইবিএমের হাল ধরছেন ভারতীয় বংশোদ্ভূত অরবিন্দ কৃষ্ণ (৫৭)। সিইও জিনি রমেটি (৬২) পদত্যাগ করায় তার স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। আগামী ৬ এপ্রিল আনুষ্ঠানিকভাবে সিইওর পদে যোগ দেবেন অরবিন্দ। আইবিএমের ১০৬ বছরের ইতিহাসে তিনি হবেন ১০ম সিইও। ইতিপূর্বে ভারতীয় বংশোদ্ভূত সুন্দর পিচাই গুগল ও অ্যালফাবেটে সিইও, মাইক্রোসফটের প্রধান হিসেবে সত্য নাদেলা এবং অ্যাডোবির সিইও পদে দায়িত্ব পালন করছেন সান্তনু নারায়ন। আর তার যোগ দেয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানির নেতৃত্বে আসীন হলেন ৪ জন ভারতীয় বংশোদ্ভূত। ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি (আইআইটি) কানপুর থেকে স্নাতক পাশ করা অরবিন্দ যুক্তরাষ্ট্রের ইলিনয়েস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন ইলেক্ট্রিকাল ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে। আইবিএমে তিনি যোগ দেন ১৯৯০ সালে। আইবিএমে তিনি এতোদিন ক্লাউড ও কগনিটিভ সফটওয়্যার বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে করেছেন।